নারী শ্রমিককে নৌকায় ধর্ষণ গ্রেপ্তার ২
গাজীপুরের কালীগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এ ব্যাপারে গত বৃহস্পতিবার ওই নারী শ্রমিক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর পলাশে অবস্থিত প্রতিষ্ঠানটির এক নারী শ্রমিক কাজ শেষে গত সোমবার রাত আটটার দিকে গাজীপুরের কালীগঞ্জে নিজ বাড়ি ফিরছিলেন। পথে তিনি সহকর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের একটি নৌকায় ওঠেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীর ফকিরবাড়ি ঘাটে পৌঁছালে সব শ্রমিক নেমে যান। এরপর নৌকার মাঝি কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের আল-আমিন (২৫) ও ফাহিম (২৫) কৌশলে মেয়েটির মুখ বেঁধে স্থানীয় সাওরাইত ঘাট এলাকার দিকে যায়। রাত ১০টার দিকে তারা নৌকাতেই ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। পরে তারা মুঠোফোনে প্রতিষ্ঠানের অপর নৌকার দুই মাঝি একই গ্রামের ফারুক (২৪) ও শরীফকে (২৬) ডেকে আনে। পরে ফারুক ও শরীফ অপর একটি নৌকা নিয়ে সেখানে যায়। ওই নারী শ্রমিককে তাদের হাতে তুলে দিয়ে আল-আমিন ও ফাহিম চলে যায়। পরে ফারুক ও শরীফও তাঁকে ধর্ষণ করে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাওরাইত ঘাট এলাকায় ওই নারীকে নামিয়ে তারা পালিয়ে যায়। পরে রিকশায় করে ওই নারী তাঁর বোনের বাড়ি যান ও ঘটনা খুলে বলেন।
ওই নারী বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ওই চারজনকে আসামি করা হয়। পরে মোক্তারপুর এলাকা থেকে ফারুক ও শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারী পুলিশের হেফাজতে রয়েছেন।