নারী সাংসদের ছেলে অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাংসদ রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা তিনজন নারীকেও আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সাংসদপুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন বরসা রিসোর্টের একটি কক্ষ থেকে গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাংসদপুত্র রুমনকে তিন নারীসহ আটক করা হয়। রুমনের কাছ থেকে তাঁর মা সাংসদ রিফাত আমিনের নামে লাইসেন্স করা পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তাঁদের শ্যামনগর থানায় নিয়ে যাওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে রুমনকে শ্যামনগর থানা থেকে আদালতে পাঠানো হয়। আর তিন নারীকে তাঁদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। গাড়িটি হস্তান্তর করা হয় সাংসদের কাছে।
পুলিশ কর্মকর্তা মনির হোসেন আরও জানান, মোটরযান আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় সাংসদপূত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ সংকেত দেওয়ার পর তিনি গাড়ি থামাননি। এই অভিযোগে মামলা করা হয়েছে।
তবে এর আগে গতকাল সকালে শ্যামনগরের ওসি এনামুল হক প্রথম আলোকে বলেন, লাইসেন্সকৃত অস্ত্রের বেআইনি ব্যবহার, অসামাজিক কাজে লিপ্ত থাকা, মাদক গ্রহণ, বেপরোয়া গাড়ি চালনা, জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়ি অননুমোদিতভাবে ব্যবহারসহ কয়েকটি অভিযোগে বৃহস্পতিবার রাতে সাংসদপুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া।
সাংসদ রিফাত আমিন বলেন, মেয়েগুলো তাঁদের আত্মীয়। ছোটবেলা থেকে বাসায় থাকে। তাঁদের নিয়ে রুমন সুন্দরবনের কলাগাছিয়ায় যাচ্ছিলেন। পথে পুলিশের একজন উপপরিদর্শকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। গণমাধ্যম ভিন্নভাবে এসব খবর ছড়িয়ে দিয়েছে।
সাংসদ আরও বলেন, পিস্তলটি তাঁর সঙ্গে একটি ব্যাগে থাকে। কিন্তু বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়ি কাটাখালীতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর অস্ত্র রাখার ব্যাগটি গাড়ি থেকে নামাতে ভুলে গিয়েছিলেন। তাঁর ছেলে গাড়িটি নিয়ে যাওয়ায় অস্ত্রসহ ব্যাগটি সেখানে থেকে যায়।
সেখানে কয়টি গুলি ছিল জানতে চাইলে সাংসদ বলেন, দু-চারটি গুলি থাকে। তিনি কখনো পিস্তল ব্যবহার করেননি। কখনো সমস্যায় পড়লে ফাঁকা গুলি করার জন্য সঙ্গে রাখা।