নারী, সাবেক ইউপি সদস্য ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌর শহরে গতকাল শনিবার অজ্ঞাতনামা নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউপির সাবেক এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ভালুকা মডেল থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল শহরের ভাণ্ডাব বটটিলা বাজারের সামনের রাস্তায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটির গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

থানার পরিদর্শক হজরত আলী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না। পুলিশ লাশটির পরিচয় জানার চেষ্টা করছে।

ঈশ্বরগঞ্জে উদ্ধার করা লাশটি মো. আবুল হোসেন সরকারের (৬০)। তিনি সোহাগী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও জিগাতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একটি ঘরে আলাদা থাকতেন বলে জানিয়েছে এলাকাবাসী।

পরিবার সূত্র জানায়, আট বছর ধরে আবুল হোসেন রোগে ভুগছিলেন। গতকাল সকালে প্রাকৃতিক কাজ সেরে তিনি ঘরে আসেন। দুপুরে খাবারের জন্য ডাক দিলে তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে স্বজনেরা দরজা ভেঙে তাঁকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ বলেন, তাঁর মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে কিছুটা অসংগতি পাওয়া গেছে। প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকায় নদী থেকে গতকাল শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হারুন খান (৩০)। তিনি কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের খোরশিলা গ্রামের সামাদ খানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গতকাল তারুটিয়ায় নদীতে লাশ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। পরে মৃত ব্যক্তির স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হারুনের বাবা সামাদ খান বলেন, জমি নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। প্রতিপক্ষের হুমকির কারণে হারুন প্রায় দুই বছর ধরে গ্রাম ছেড়ে টাঙ্গাইলের সুরুজ এলাকায় বসবাস করতেন।