নারী স্বাস্থ্যকর্মী খুন, মালামাল লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যকর্মী আলেয়া বেগম (৪৫)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্যকর্মী আলেয়া বেগম (৪৫)। ছবি: সংগৃহীত

জামালপুর শহরে নিজ ঘরে এক নারী স্বাস্থ্যকর্মী খুন হয়েছেন। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকাল দশটার দিকে শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকায় বাড়ি থেকে ওই নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নারীর নাম আলেয়া বেগম (৪৫)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন মাঠকর্মী ছিলেন।
আলেয়ার স্বামী সরোয়ার হোসেন। তিনি সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া বাজার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক।
সরোয়ারের প্রথম স্ত্রী ছিলেন আলেয়া। এই দম্পতির দুই মেয়ে আছে।
সরোয়ারের দ্বিতীয় স্ত্রী থাকেন সদর উপজেলার নান্দিনা এলাকায়। ঘটনার সময় সরোয়ার সেখানে ছিলেন বলে দাবি করেছেন।
পুলিশ ও নিহত নারীর পরিবারের ভাষ্য, আলেয়া তাঁর ছোট মেয়েকে (১২) নিয়ে দক্ষিণ কাচারীপাড়া থাকতেন। কলেজপড়ুয়া বড় মেয়ে (১৭) থাকে ময়মনসিংহে। গতকাল শনিবার রাতে খাওয়া শেষে মা-মেয়ে আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে। তারা আলেয়াকে হত্যা করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
আলেয়ার ছোট মেয়ে বলে, আজ সকালে মায়ের কক্ষে যায় সে। কক্ষের ভেতরে খাটের ওপর মায়ের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা কখন তার মাকে হত্যা করেছে, তার কিছুই সে বুঝতে পারছে না। আলাদা কক্ষে থাকার কারণে কিছুই টের পাওয়া যায়নি।

আলেয়ার স্বামী সরোয়ারের ভাষ্য, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নান্দিনা ছিলেন তিনি। গতকাল বিকাল পাঁচটার দিকে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। আজ সকালে হত্যাকাণ্ডের খবর পান। পরে কাচারীপাড়ায় আসেন। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও আনুমানিক ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, দুর্বৃত্তরা চুরির উদেশ্যে ওই বাড়িতে ঢুকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের চিনে ফেলায় আলেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।