নারীকে কটূক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকে কটূক্তির প্রতিবাদ করায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গ্রাম পুলিশ পল্লব দাসের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
পল্লব দাস উপজেলার চরমোহনপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা এবং লাহিড়ীমোহনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মোহন মিয়া বেশ কিছুদিন ধরে পল্লবের স্ত্রীকে রাস্তায় যাতায়াতের সময় কটূক্তি করতেন। মোহনের বাবার কাছে পল্লব বিষয়টি জানালে মোহন ক্ষিপ্ত হয়ে তাঁর লোকজন নিয়ে শনিবার রাতে এই হামলা করেন। এ সময় পল্লবের ঘর থেকে তিন ভরি সোনার গয়না ও প্রায় ৮০ হাজার টাকাও লুট হয়।