নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইটবাড়িয়া গ্রামে গতকাল রোববার ছেমনা বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জোলেখা বেগম নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছেমনাকে প্রথমে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছেমনা ইটবাড়িয়া গ্রামের সিরাজুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বেলা দেড়টার দিকে একই বাড়ির জোলেখা বেগমের সঙ্গে ছেমনা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জোলেখা দা দিয়ে ছেমনার গলায় কোপ দেন। এতে ছেমনার গলা কেটে যায়। পরে সিরাজুল ঘরে এসে স্ত্রীকে ছটফট করতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তিনি স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। পরে জোলেখা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
আবদুল মালেক উকিল মেডিকেলের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ছেমনার গলার রক্তনালি কেটে গেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, হত্যাচেষ্টার অভিযোগে সন্ধ্যায় ছেমনার স্বামী সিরাজুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি জোলেখাকে গ্রেপ্তার করা হয়েছে।