নারীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়ার পরান মন্ডলেরটেক এলাকায় গতকাল শনিবার সকালে খুকুমনি (২১) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী ওই নারীর সাবেক স্বামী আবু হানিফকে (২৮) ধরে পুলিশে সোপর্দ করেছেন।
খুকুমনির বাবার বাড়ি নরসিংদী সদরের ব্রাহ্মণদী গ্রামে। তিনি বড় দেওড়া এলাকার একটি বাড়িতে দ্বিতীয় স্বামী রানা মিয়ার সঙ্গে বসবাস করতেন।
খুকুমনি স্থানীয় কাঁঠালদিয়া এলাকার ন্যাশনাল পলিমার কারখানায় হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের ভাষ্যমতে, তিন বছর আগে নেত্রকোনার আবু হানিফের সঙ্গে খুকুমনির বিয়ে হয়। বিয়ের পর থেকে হানিফ খুকুমনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে স্বামী নেশায় আসক্ত হয়ে পড়ে এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। পরে খুকুমনির বাবা মেয়েকে ছাড়িয়ে এনে তিন-চার মাস আগে রাজমিস্ত্রি রানা মিয়ার সঙ্গে বিয়ে দেন। বিয়ের খবর শুনে হানিফ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ও খুকুমনিকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। গতকাল সকালে খুকুমনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। পরান মন্ডলেরটেকে দুলাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হানিফ দা দিয়ে খুকুমনির গলা, পেট ও ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই খুকুমনির মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন হানিফকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে টঙ্গী মডেল থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, খুকুমনির ঘাতক হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
সাভারে নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, ঢাকার সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি গ্রামের একটি ঘর থেকে গত শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। সাভার মডেল থানার পুলিশ জানায়, মাস তিনেক আগে ওই নারী ও তাঁর স্বামী পূর্বহাটি গ্রামে বাসা ভাড়া নেন। তাঁর স্বামী মাঝেমধ্যে বাসায় আসতেন। গতকাল ওই ঘর থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, গত বুধবার থেকে তাঁদের ঘর বন্ধ ছিল। গতকাল ওই ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ঘরে ঢুকে লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে জানান। এরপর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওসি বলেন, অজ্ঞাতপরিচয় ওই নারীকে হত্যা করা হয়েছে। তাঁর স্বামীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।