নারীকে গাছে বেঁধে নির্যাতন
পাওনা টাকা চাইতে গেলে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বদরগঞ্জ থানায় মামলা করেছেন। জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই নারীর (৩২) বাবা-মা বেঁচে নেই। তিনি দীর্ঘদিন ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। প্রায় দুই মাস আগে বাড়ি ফেরেন। এরপর একটি পুরোনো মুঠোফোন মেরামত করাতে গিয়ে পাশের বদরগঞ্জ উপজেলার মুচিরহাটের এরশাদুলের সঙ্গে পরিচয় হয়। পরে ঘনিষ্ঠতা হয়। সেই সূত্রে মাস খানেক আগে এরশাদুল তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। রোববার বেলা ১১টার দিকে তিনি পাওনা টাকা চাইতে এরশাদুলের বাড়ি যান। এ সময় তিনি ও তাঁর পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে অপবাদ দিয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রেখে পিটিয়ে আহত করেন। বিকেল পাঁচটার দিকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের স্বামী সোহরাব হোসেন তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। বিকেলে খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি।’
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই নারী রোববার রাতেই এরশাদুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন। এরশাদুলের বাবা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।