নারীকে ধর্ষণের পর হত্যা
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আইনউদ্দিন মাতুব্বরের ডাংগী গ্রামের পাটখেত থেকে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, ঈশান গোপালপুর ইউনিয়নের সোনাই মোল্লার মেয়ে সাজেদা বেগম (৩০) এলাকায় সুদের ব্যবসা করতেন। কয়েক বছর আগে সাজেদা বেগমের বিয়ে হলেও পরে তাঁকে স্বামী তালাক দিয়ে চলে যান। গত শনিবার বিকেলে সাজেদার মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি তাঁকে পাওনা টাকা দেবে বলে ফোনে ডেকে নেয়। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সন্ধ্যায় এক ব্যক্তি পাটখেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার এসআই কাজী মাসুদ রানা বলেন, ওই নারীর গলায় ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত নারীর ভাই ইউনুস আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।