নারীকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে সালিস বৈঠকে এক গৃহবধূ ও এক যুবককে মারধর করে তাঁদের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটলেও আজ রোববার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে গজালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানসহ সাতজনের নামে গলাচিপা থানায় মামলা করেন।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী বলেন, পাশের বাড়ির তাঁর এক চাচাতো ভাইয়ের ছেলে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করত। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক তাঁদের বাড়িতে আসে। এ ঘটনা দেখে এলাকার কিছু লোক নবনির্বাচিত চেয়ারম্যান গলাচিপা উপজেলা যুবলীগের সভাপতি খালিদুল ইসলাম এবং বিদায়ী চেয়ারম্যান এস এ কুদ্দুসের কাছে অভিযোগ করেন যে, তাঁর স্ত্রীর সঙ্গে ওই যুবকের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ আশরাফুল হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর স্ত্রী ও ওই যুবককে ডেকে গজালিয়া ইউপি কার্যালয়ে নিয়ে যান। পরে তাঁদের ইউপি ভবনের দোতলার একটি কক্ষে আটক করে রাখা হয়। সন্ধ্যা সাতটার দিকে ইউপি ভবনের দোতলার হলরুমে দুই চেয়ারম্যানের নেতৃত্বে সালিস বৈঠক হয়। বৈঠকের পর রাত সোয়া আটটার দিকে তাঁর স্ত্রী ও ওই যুবককে ইউপি ভবনের দক্ষিণ পাশের মাঠে নামানো হয়। সেখানে খালিদুল ইসলাম তাঁদের দুজনকে লাঠিপেটা করেন। এরপর খালিদুল ইসলামের নির্দেশে গজালিয়া বাজারের এক সেলুনকর্মী তাঁদের মাথা ন্যাড়া করে দেন।
এ ব্যাপারে কথা বলার জন্য খালিদুল ইসলামের মোবাইলে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এস এ কুদ্দুস মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় তাঁকে ইউপি কার্যালয়ে ডাকা হলে সেখানে গিয়ে তিনি দেখেন নবনির্বাচিত চেয়ারম্যান খালিদুল ইসলামের উদ্যোগে সালিসের ব্যবস্থা করা হয়েছে। তিনি এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করেন। ওই দুজনকে ন্যাড়া করে দেওয়া বা মারধর করার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি সালিসের সঙ্গেও জড়িত ছিলেন না বলে দাবি করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আমরা লোকমুখে খবর পেয়ে শনিবার রাতেই নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূকে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।’