নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে রিক্তা বেগম (২২) নামের এক নারীকে আজ মঙ্গলবার দুপুরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রিক্তার স্বামীর বাড়ি কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে। স্বামীর নাম মো. সোহেল রানা। এক সপ্তাহ আগে রিক্তা বেগম কেশবপুর গ্রামে বাবা মো. কুদ্দুস খানের বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরে বাবা কুদ্দুস খানের সঙ্গে একই গ্রামের মোয়াজ্জেম হাওলাদারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। অভিযোগ উঠেছে, ওই বিরোধকে কেন্দ্র করে আজ দুপুর ১২টার দিকে রিক্তা ও তাঁর মা নাছিমা বেগমের ওপর মোয়াজ্জেম হোসেনের (৫৫) পক্ষের লোকজন হামলা চালায়। ওই সময় রিক্তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আখতার-উজ-জামান বলেন, ‘রিক্তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।