নারীকে মারধর করায় নলছিটি পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি বিমা কোম্পানির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও নারী বিমাকর্মীকে মারধরের অভিযোগে স্থানীয় পৌর কাউন্সিলর পলাশ তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঝালকাঠির গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শীল মণি চাকমা গতকাল প্রথম আলোকে বলেন, নাজমা বেগম ও তাঁর বাবা-ভাইকে মারধর, কার্যালয় ভাঙচুরের ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা করেন। ওই মামলায় রোববার রাতে নলছিটি পৌর শহরের থানারপুল এলাকা থেকে পলাশ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির স্থানীয় কার্যালয়ের হিসাবরক্ষক নাজমা বেগম অভিযোগ করেন, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে নলছিটি শহরের হাসপাতাল সড়কে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির স্থানীয় কার্যালয়ে ঢুকে যুবলীগকর্মী ও পৌরসভার কাউন্সিলর পলাশ তালুকদার তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এ সময় তাঁকে (নাজমা বেগম) মারধর ও কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয়। খবর পেয়ে নাজমা বেগমের বাবা নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদার ও ভাই আসিফ তালুকদার সেখানে গেলে তাঁদেরও মারধর করেন হামলাকারীরা। এ ঘটনায় নাজমা বেগম, তাঁর বাবা ও ভাই আহত হন। পরে নাজমা বেগমকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাজমা বেগম অভিযোগ করেন, নলছিটি শহর ও মালিপুর গ্রামে থাকা তাঁদের জমি নিয়ে তাঁর চাচা আজিজ সরদারের সঙ্গে বিরোধ চলছে। এ ঘটনায় তাঁর বাবা নিজাম উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত ২৪ মার্চ স্থিতাবস্থা জারি করেন। এদিকে নলছিটি পৌরসভার কাউন্সিলর পলাশ তালুকদার ও তাঁর কয়েকজন সহযোগী নাজমা বেগমের চাচার পক্ষ নিয়ে ওই জমি দখলের পাঁয়তারা করছিলেন। এর জের ধরেই ওই হামলা হয় বলে তিনি দাবি করেন।