নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকনি ইউনিয়নে এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিজ ঘরের বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নারীর নাম মিনা আক্তার (৩২)। তিনি হলুদাটি গ্রামের মৃত কাশেম মিয়ার স্ত্রী। ঘটনার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। এ কারণে এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মিনার বাবা আবুল কাশেম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন মিনাকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে কাশেম মিয়া মারা যান। এরপর থেকে মিনা আক্তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে স্বামীর ভিটাতেই বাস করছিলেন। সম্পত্তি নিয়ে মিনার সঙ্গে কাশেম মিয়ার ভাইদের বিরোধ ছিল। এ নিয়ে সালিসও হয়েছে। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিবেশীরা ঘরের বারান্দায় মিনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা বাড়ির লোকজনকে না পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। চেয়ারম্যান খবর দিলে পুলিশ এসে বিকেল পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে। সেটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিশকাকনি ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা বলতে পারছি না। তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মিনার দ্বন্দ্ব ছিল। এ ঘটনার পর থেকে বাড়ির লোকজন সটকে পড়েছে।’
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব গতকাল সন্ধ্যায় বলেন, নিহত নারীর গলায় একটি কালচে দাগ ছাড়া আঘাতের আর কোনো চিহ্ন নেই। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।