নারীকে হত্যার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল শনিবার নূরজাহান বেগম (৪০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এলাকাবাসী হত্যাকারী সন্দেহে আরেক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 
নিহত নূরজাহান বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাড়িতে নূরজাহান বেগম সপরিবারে ভাড়া থাকতেন। ছোট একটি ঘটনায় গতকাল বিকেলে নূরজাহান পাশের বাড়ির ভাড়াটিয়ার মেয়েকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে ওই ভাড়াটিয়া নূরজাহানের কাছে তাঁর মেয়েকে মারধর করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। এ সময় নূরজাহান হঠাৎ করে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। সেখানে নূরজাহানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূরজাহানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই ভাড়াটিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত নূরজাহানের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।