নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
নওগাঁর রানীনগরে গতকাল শনিবার মোর্শেদা বিবি (৪০) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। মোর্শেদা বিবি বগুড়ার আদমদীঘি উপজেলার নামা-পৌঁওতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
জয়পুরহাটের আক্কেলপুরে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফেরদৌস প্রামাণিক (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আর্জিনা খাতুন (৩৫) মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): সকালে রানীনগর-আবাদপুকুর রাস্তার সোনাকানিয়া এলাকায় রাস্তার পাশে একটি বড় চটের বস্তায় ভরা অবস্থায় মোর্শেদা বিবির লাশটি পাওয়া যায়। ওই নারীর মুখমণ্ডল থেঁতলানো ছিল। লাশের সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিবারকে জানানো হয়। এরপর পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোর্শেদার স্বামী সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার ছাতনী গ্রামে বড় মেয়ের বাড়িতে ওয়াজ-মাহফিল শোনার উদ্দেশ্যে মোর্শেদা বাড়ি থেকে বের হন। এর কিছু পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলার নারিকেলী ঘোলাগাড়ী গ্রামে পুকুরপাড়ের জঙ্গল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেরদৌস প্রামাণিকের লাশ উদ্ধার করা হয়। এ সময় গাছের সঙ্গে লতা দিয়ে ফাঁস লাগানো ছিল। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি নারিকেলী ঘোলাগাড়ী গ্রামের মৃত আছির প্রামাণিকের ছেলে।
ধুনট (বগুড়া): শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে আর্জিনা খাতুন মারা গেছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের মৃত আজগর আলীর মেয়ে। আর্জিনার বড় ভাই ইমন হোসেন বলেন, আর্জিনা খাতুন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বিকেলে পুকুরে হাঁড়ি-পাতিল ও থালাবাসন ধোয়ার কাজ করতে যান। এ সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।