নারীর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ
উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় গতকাল সোমবার এক নারীকে বাড়ি থেকে ধরে মাঠে নিয়ে মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তাঁর মুখে কালি মাখিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বলেন, ‘ওই নারীর সঙ্গে এলাকার কয়েকজন নারীর বিরোধ রয়েছে। তাঁর মাথার কিছু চুল কেটে নেওয়া হয়েছে বলে শুনেছি। কালি দেওয়ার কথা জানা নেই। এ ঘটনায় নারী নির্যাতনের মামলা হয়েছে।
পুলিশ আসামিদের ধরতে চেষ্টা করছে।’
পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে চিকিৎসাধীন নারীর ভাষ্যমতে, কয়েক দিন আগে এলাকার কয়েকজন লোক তাঁকে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় তিনি থানায় মৌখিক অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে খোকসা থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র গত রোববার রাতে তৌহিদ ও সুমন নামের দুজনসহ কয়েকজনকে ধরে থানায় নেন। গতকাল সকালে তাঁরা থানা থেকে ছাড়া পেয়ে তাঁর (ওই নারীর) বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁকে চুলের মুঠি ধরে টানতে টানতে মাঠে নিয়ে শারীরিক নির্যাতন করেন। পরে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। তাঁর মুখে কালি মাখিয়ে তাঁকে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনার সময় ওই নারীর স্বামীসহ স্বজনেরা বাড়িতে ছিলেন না।
তবে এসআই কার্তিক চন্দ্র বলেন, বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই নারী অভিযোগ দিয়েছিলেন। বাবু পলাতক। কাউকে ধরে ছেড়ে দেওয়া হয়নি।