নারীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বেওড়াপাড়া গ্রাম থেকে মিনা খাতুন (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা তিন বছরের এক ছেলের মা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, এই মৃত্যুর ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটলেও সন্ধ্যার পরে পুলিশকে জানানো হয়। মিনা খাতুনের লাশ তাঁর স্বামীর ঘরের বারান্দা থেকে তিনি উদ্ধার করেন। এ সময় তিনি নিহতের স্বামী ও শ্বশুরকে খুঁজে পাননি। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মিনার বাবা উপজেলার মান্দাইল গ্রামের আবদুল মান্নান অভিযোগ করেন, চার-পাঁচ মাস ধরে আরেক মেয়ের সঙ্গে জামাই রজব আলীর (৩০) প্রেমের সম্পর্কের ঘটনায় তাঁর মেয়ে বাধা দিতেন। এ কারণে রজব আলী প্রায়ই তাঁর মেয়েকে মারধর করতেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে রজব আলী মুঠোফোনে তাঁকে জানান মিনা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে তিনি মেয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ের স্বামীর ঘরে তালাবদ্ধ। লাশ পড়ে আছে ঘরের বারান্দায়। বাড়িতে রজব আলী নেই। রজব আলী একজন ভ্যানচালক।
স্থানীয় চার-পাঁচজন বলেন, মিনার বাবার বাড়ির লোকজন বিকেলে গ্রামে পৌঁছার আগের মিনার স্বামী রজব আলী (৩০) ও তাঁর শ্বশুর সাদেক আলী (৫০) পালিয়ে যান। প্রায় ছয় বছর আগে মিনা খাতুনের সঙ্গে রজব আলীর বিয়ে হয়।
নিহত মিনার মামা উপজেলার দড়িমুকুন্দ গ্রামের ফজলুল হক বলেন, বিয়ের প্রায় এক মাস পর থেকেই রজব আলী তাঁর ভাগনিকে নানা কারণে মারধর করতেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে পাঁচ-ছয়বার সালিস হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগটি থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।