নারীর লাশ উদ্ধার, স্বামী আত্মগোপনে
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকার একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার সীপা খাতুন (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীপা খাতুনের স্বামী আকুল বিশ্বাস ব্র্যাকের ওয়াশ প্রকল্পের হিসাবরক্ষণ কর্মকর্তা। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।
আকুল বিশ্বাসের বাড়ি পাবনার সুজানগর উপজেলার চর দোলাই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাতারপাইয়া বাজারের একটি ভবনের নিচতলায় ব্র্যাকের ওয়াশ প্রকল্পের কার্যালয়। দ্বিতীয় তলায় ভাড়া থাকে আকুল বিশ্বাসের পরিবার। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসা থেকে শিশুর কান্না শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে সীপা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, লাশের গলায় কালো দাগ দেখা গেছে। স্থানীয় লোকজন বলছেন, ওই নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ওই নারীর স্বামী আত্মগোপনে থাকায় মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হচ্ছে।