নারীর শ্লীলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের নেতা মাহাবুব আলমের (৪৫) বিরুদ্ধে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় ওই নারীকে মারধর করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার যুবলীগের নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মাহাবুব আলমের বাড়ি গৌরনদী পৌরসভার টরকী মহল্লায়। তিনি উপজেলা যুবলীগের সদস্য।
এজাহারের বিবরণ অনুযায়ী, ছোট বোনের সঙ্গে সম্পর্ক গড়ে দিতে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে অপহরণ ও শ্লীলতাহানির হুমকি দিয়েছিলেন মাহাবুব। ১৫ অক্টোবর বিকেলে ওই গৃহবধূ বাসা থেকে বের হন। পথিমধ্যে তাঁর পথরোধ করে গালাগাল করেন মাহাবুব ও সঙ্গীরা। প্রতিবাদ করলে তাঁরা গৃহবধূকে মারধর করেন। তাঁর সোনার চেইন ছিনিয়ে নেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েক দিন পর মাহবুব মারধর ও শ্লীলতাহানির ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ঘটনায় গতকাল দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে মাহাবুব আলমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় দুজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাহাবুব আলম বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।