নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রাম থেকে হাত-পা বাঁধা ও গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি গ্রামের একটি বিলের মাঝখানে হিজলগাছের নিচে উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। দুই হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে কেউ তাঁকে শ্বাসরোধে হত্যা করে ওই নির্জন বিলে ফেলে রেখে গেছে। ঘটনার তদন্ত চলছে।