নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গহরপুর গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার মামলা করা হয়েছে।

নিহত নারীর নাম নূরুন্নাহার বেগম (৪৫)। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী রুস্তম আলী ফকির (৪২) পলাতক।

নূরুন্নাহারের মেয়ে রাবেয়া বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় তাঁর মুঠোফোনে মায়ের দ্বিতীয় স্বামী রুস্তম আলী ফকির ফোন দেন। তিনি জানান, তাঁর বাড়ির কিছু দূরে ডোবার পাশে একটি লাশ পাওয়া গেছে। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ। পরে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর মায়ের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রুস্তম আলী ফকিরের সঙ্গে দুই বছর আগে নূরুন্নাহার বেগমের বিয়ে হয়। কিন্তু কয়েক মাস ধরে নূরুন্নাহারের সঙ্গে রুস্তমের কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে নূরুন্নাহারকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর তাঁর লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ি থেকে কিছু দূরে ডোবার পাশে মাটিচাপা দেওয়া হয়।

রাবেয়া বেগম গতকাল মুঠোফোনে জানান, মাকে খুন করে তাঁর সোনার দুল নিয়ে গেছে হত্যাকারীরা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ বলেন, রাবেয়া বেগম এ ঘটনায় রুস্তম আলী ফকিরকে প্রধান আসামি করে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।