মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল হোসেন (২৮) ও ফটো বেগম (৩৮)।
পাচারের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি কোনাখালী এলাকার মহিউদ্দিন (৩০), মোকতার আহমদ ওরফে মানিক (২৬) ও মনির আহমদকে (২২) মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ইঞ্জিনচালিত ট্রলারে তুলে দেন কয়েকজন পাচারকারী। তাঁদের ৪০ দিন সাগরে ভাসিয়ে রেখে অমানুষিক নির্যাতন করে স্বজনদের কাছ থেকে জনপ্রতি দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ পরিশোধ করার পরও তাঁদের কোনো খোঁজ মিলছে না।
পুলিশ সূত্র জানায়, মোকতার আহমদকে পাচারের অভিযোগে ১ জুন তাঁর স্ত্রী তসলিমা বেগম কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কামাল, ফটো বেগমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বৃহস্পতিবার ভোরে মরংঘোনা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।