নারীসহ দুই শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নারীসহ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে রুবেল দাশ (৩২) এবং বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে নাজিরা বেগম নামের এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানা সূত্র জানায়, ফিরিঙ্গিবাজারের এয়াকুব নগরের দোভাষ বাড়ির সামনের সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র শীল প্রথম আলোকে জানান, নিহত রুবেল দাশ ফিশারিঘাট মাছ বাজারে বরফ ভাঙার কাজ করতেন। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাঠি দিয়ে আঘাত করে তাঁকে হত্যার পর লাশ দোভাষ বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, নগরের এয়াকুব নগর এলাকায় স্ত্রী সুমি দাশ ও চার বছর বয়সী ছেলে আদিত্য দাশকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের মৃত রামকৃষ্ণ দাশের ছেলে।
সুমি দাশ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, মনোহরখালীর একটি মন্দিরে ধর্মীয় উৎসবে যোগ দেওয়ার কথা বলে শুক্রবার রাত ১২টার দিকে ঘর থেকে বের হন তাঁর স্বামী। কিন্তু সকালেও বাসায় ফিরে না এলে তাঁর আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে এয়াকুব নগর থেকে একটি লাশ উদ্ধারের খবর শোনেন তাঁরা। এরপর হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করা হয়।
সুমি দাশ প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। তাঁকে নির্মমভাবে খুন করেছে সন্ত্রাসীরা। আমি এর বিচার চাই।’
এদিকে নগরের ইপিজেড থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে নাজিরা বেগম নামের এক পোশাকশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে নাজিরাকে তাঁর স্বামী খুন করেছেন।
ইপিজেড থানা সূত্র জানিয়েছে, নাজিরা বেগম ও তাঁর স্বামী আল আমিন হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বাসিন্দা। দুজনেই নগরের ইপিজেড এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে নাজিরা বেগম ও আল আমিন আলাদা থাকছিলেন। শনিবার নাজিরা কাজে না যাওয়ায় এবং তাঁর ঘর তালাবদ্ধ থাকায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে। লাশের গলায় ধারালো অস্ত্রের গভীর কাটা চিহ্ন রয়েছে।