নারীসহ দুজনকে পিটিয়ে জখম, ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাতেরকাঠি গ্রামে গত শনিবার রাতে বিধবা কোহিনুর বেগম (৪০) ও সেলিম হাওলাদার (৫০) নামের দুই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামনগর তাতেরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের সঙ্গে একই গ্রামের শহিদুল মৃধার দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে শনিবার রাত নয়টার দিকে শহিদুল মৃধার নেতৃত্বে সাত থেকে আটজন সেলিম হাওলাদারের ঘরে হামলা চালান।

আহত সেলিম হাওলাদার বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। ওই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন শহিদুল। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাঁর ঘরে হামলা চালিয়ে ঘরের আসবাব ভাঙচুর করে, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যান শহিদুল ও তাঁর লোকজন। এতে বাধা দিলে তাঁকে (সেলিম) ও তাঁর চাচি কোহিনুর বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে তাঁরা চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।