নারীসহ দুজনকে হত্যা তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরে গতকাল রোববার এক তরুণের হাত-পা বাঁধা ও আরেক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঢাকার কেরানীগঞ্জের গোপপাড় এলাকায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম (২৫) তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল সকালে গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ি এলাকার একটি বিলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার এক ডোবা থেকে অজ্ঞাতনামা (২৪) এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, নিশ্চিন্তপুর এলাকার একটি ডোবায় ওই তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরনে ছিল লাল সালোয়ার-কামিজ। ধারণা করা হচ্ছে, ১৫-২০ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে।
কেরানীগঞ্জের গোপপাড় এলাকায় নিহতের নাম মো. ফোরকান (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন গোপপাড় এলাকার একটি ডোবায় ফোরকানের গলাকাটা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোবেয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
রোবেয়া বেগম বলেন, তাঁর স্বামী ফোরকান গোপপাড় এলাকায় মাছ বিক্রি করতেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফোরকানকে কে বা কারা মুঠোফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফোরকানের বাড়ি ঝালকাঠির রাজপুর থানার গাপুয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের গোপপাড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এনায়েত করিম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।