নারীসহ দুজনের লাশ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল শনিবার হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকা থেকে স্বপন মিয়া (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর সেন্দি এলাকায় গতকাল হাত-পা বাঁধা অবস্থায় লেপ দিয়ে প্যাঁচানো ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাস বলেন, ধারণা করা হচ্ছে, কোথাও ওই নারীকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই ছানাউল হক বলেন, পৈরতলা এলাকায় রেললাইনের পাশে সকালে স্বপন মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। স্বপন নাসিরনগরের শ্রীঘর গ্রামের বাসিন্দা।