নারীসহ ৩ জঙ্গির ছিন্নভিন্ন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় অভিযান শেষে গতকাল শনিবার দুজন পুরুষ ও একজন নারীর ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে। তারা আত্মঘাতী নাকি অভিযানে নিহত হয়েছে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। নিহত ব্যক্তিদের পরিচয়ও পাওয়া যায়নি।

তবে পুলিশ বলছে, নিহত পুরুষদের একজন সিলেটের আতিয়া মহলে অভিযান চলাকালে নিরাপত্তাবলয়ের মধ্যেই বোমা হামলায় নেতৃত্ব দিয়েছিল। কিন্তু ওই হামলাকারীর নাম-পরিচয় পুলিশ বলেনি।

বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ নামে অভিযান শুরুর ২৮ ঘণ্টা পর গতকাল দুপুর ১২টায় অভিযান শেষ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘চার দিন ধরে মৌলভীবাজারে অভিযান চালাচ্ছি। দুই দিন আগে নাসিরপুরে অপারেশন হিট ব্যাক এবং শুক্রবার সকাল থেকে বড়হাটে অপারেশন ম্যাক্সিমাস শুরু হয়। বৃহস্পতিবার রাত থেকে সোয়াট ও সিআরটির (আর্মড পুলিশের বিশেষায়িত ইউনিট) একটা অংশ জেলা পুলিশের সঙ্গে বড়হাটের জঙ্গি আস্তানাটি ঘিরে ছিল।’

সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহলের কাছে গত সপ্তাহে জঙ্গিবিরোধী সেনা অভিযান অপারেশন টোয়াইলাইট চলাকালে নিরাপত্তাবলয়ের মধ্যে জঙ্গি হামলার সূত্র ধরে মৌলভীবাজারের বড়হাটে এবং নাসিরপুরে ওই দুটি জঙ্গি আস্তানার খোঁজ পায় পুলিশ। নাসিরপুর গ্রামে আস্তানাটি মৌলভীবাজার সদর থেকে ২০ কিলোমিটার দূরে। সেখানে অপারেশন হিট ব্যাকের পর আস্তানার ভেতরে সাতজনের ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়। তাদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদেরও পরিচয় গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। আর আতিয়া মহলে সেনা অভিযানে একজন নারীসহ চার জঙ্গি নিহত হয়।

‘অপারেশন হিট ব্যাক’ শেষে শুক্রবার সকালে বড়হাটের আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ডুপ্লেক্স বাড়িটিতে অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। এরপর সেখান থেকে দিনভর গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই অভিযান শেষ হওয়ার পর গতকাল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বড়হাটের অভিযান বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল। কারণ তাঁদের কাছে তথ্য ছিল, সিলেটের জঙ্গি আস্তানার (আতিয়া মহলের) কাছের হামলাকারীরা এখানে রয়েছে। তাঁরা প্রযুক্তির সহায়তায় দেখেছেন, বড়হাটের আস্তানা থেকে সিলেটে গিয়ে হামলার পর হামলাকারীরা আবার এখানে ফিরে আসে।

মনিরুল ইসলাম বলেন, ‘সেদিন থেকেই আমরা বুঝতে পারছিলাম, এখানে শক্তিশালী বোমাসহ প্রচুর বিস্ফোরক এবং বিস্ফোরক বিশেষজ্ঞ বা এ ধরনের কাজে একজন, অন্তত খুব উঁচু পর্যায়ের না হলেও মধ্য পর্যায়ের কোনো জঙ্গি রয়েছে। এর আগে আমরা জানতে পেরেছিলাম, এখানে তিনজন জঙ্গি রয়েছে—দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে যে সিলেটে হামলা করেছে, তার এখানে উপস্থিতি নিশ্চিত করতে পারি।’

অভিযানটি কেন জটিল ছিল তা ব্যাখ্যা করে মনিরুল বলেন, ‘এখানে নির্মাণাধীনসহ একাধিক ভবন ও অনেকগুলো কক্ষ রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরক পেতে রেখেছিল। প্রথম দিনই পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন নারী ভবনের ছাদে উঠে দুটি গ্রেনেড নিক্ষেপ করেছিল। যার একটা বিস্ফোরিত হয়েছে, আরেকটা এখনো অবিস্ফোরিত অবস্থায় ধানখেতে পড়ে আছে। আর যেটির বিস্ফোরণ ঘটেছিল, তার ধ্বংসক্ষমতা অনেক বেশি ছিল। তাই আমাদের কমান্ডোরা খুব সন্তর্পণে ও সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছিল। আমরা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ নয় কর্মকর্তাকে জঙ্গি দমনে হারিয়েছি। সেই স্মৃতি এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সতর্কতার সঙ্গে অভিযান চালানো হয়েছে। এ কারণে এলাকাবাসীর কিছু কষ্ট হয়েছে তা আমরা জানি। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটু সময় নিয়ে হলেও ক্ষয়ক্ষতি ছাড়া অভিযানটি শেষ করার উদ্দেশ্য ছিল আমাদের।’

অভিযানের প্রক্রিয়া সম্পর্কে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, ‘যেহেতু তারা বড় ঘটনা ঘটিয়েছে, তাই তাদের জীবিত ধরতে চেয়েছিলাম। জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। যখনই সোয়াট ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করেছে, তখনই বিস্ফোরণ ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযান স্থগিত করার পর এখানে সোয়াটের কিছু সদস্য এলে তাঁদের ওপর হামলার উদ্দেশ্যে আরও দুটি শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই শক্তিশালী বিস্ফোরণের পরে ভবনে ধোঁয়া উড়তে দেখেছি। আমাদের ধারণা ছিল, ভবনে আগুন ধরে গেছে। গতকাল অভিযানে তারা (জঙ্গিরা) নিহত হয়েছে নিশ্চিত হওয়ার পর ভবনটিতে ঢুকে দোতলার একটি ঘরে আগুন লাগার চিহ্নও দেখা যায়। ওই বাড়িতে তিনটি লাশ দেখি। তাদের ভেতর একজন সিলেটের ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে আমরা নিশ্চিত। সিলেটের ঘটনা তার নেতৃত্বে হয়েছে, সঙ্গে অন্য কেউও থাকতে পারে। তবে সেটি কে, আমরা নিশ্চিত নই।’

মনিরুল ইসলাম বলেন, ‘র‍্যাব-পুলিশের তিন সাহসী কর্মকর্তাসহ সাতজন (সিলেটের দক্ষিণ সুরমায় জোড়া বিস্ফোরণে) হত্যার জন্য যারা দায়ী, তাদের তাৎক্ষণিক বিচার হয়তো ন্যাচারালি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল তাদের ফাঁসিকাষ্ঠে ঝোলানো। সেটি আমরা পারিনি। কিন্তু আমরা মনে করি, সাতজনের মৃত্যুর পর এই অভিযান সন্ত্রাস দমনের অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল উপস্থিত ছিলেন।

আত্মঘাতী না অভিযানে নিহত?

জানতে চাইলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তিনজন বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। তারা আত্মঘাতী হয়নি।

তবে জেলা পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আত্মঘাতী বিস্ফোরণে তারা নিহত হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘এরা সুইসাইডালভাবে মারা গেছে। দেহগুলো খণ্ডবিখণ্ড হয়ে গেছে। নাসিরপুরের মতোই। আমি একটা দেখেছি। গলা থেকে নিচের বুকের অংশটুকু আলাদা। বাকি হাত-পা কোথায় আছে বোঝা যাচ্ছে না। এগুলো দেখা যায় না, বীভৎস। তিনটারই একই অবস্থা। কোনটা যে কার শরীর, তা বোঝা যাচ্ছে না। সুইসাইডাল ভেস্ট পরে বিস্ফোরণের মাধ্যমে এরা মারা গেছে।’

কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল আরেক কর্মকর্তা বলেন, দুজনের লাশ ছিন্নভিন্ন হলেও একজনের লাশ মোটামুটি ঠিক ছিল। এখন লাশগুলো দেখে সুনির্দিষ্টভাবে বলার উপায় নেই যে এরা আত্মঘাতী হয়েছে কি না। বোমা ছুড়তে গিয়েও এদের মৃত্যু হতে পারে।

গত ২৫ মার্চ সিলেটে সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছে দুই দফা বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। ওই ঘটনায় গুরুতর আহত র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে সরকার শুরু থেকেই দেশে আইএসের অস্তিত্ব থাকার কথা অস্বীকার করে আসছে। পুলিশ বলছে, এই গোষ্ঠীটি নব্য জেমএমবি।