নার্স লাঞ্ছিত, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর বাবা ও ভাইয়ের নামে শ্লীলতাহানি ও সরকারি কাজে বাধাদানের মামলা করা হয়েছে। গতকাল রোববার হাসপাতালের এক নার্স তাঁদের বিরুদ্ধে মামলাটি করেছেন। গতকাল দুপুরেই তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৭) ও মোহাম্মদ হিমেল (২৫)। তাঁদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার মাহেন্দ্রা জায়গীরপাড়া গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের মেয়ে ফারজানা খাতুন বিষপানে অসুস্থ হলে তাঁকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে ফারজানাকে দেখতে আসেন জাহাঙ্গীর হোসেন ও তাঁর ছেলে হিমেল। এ সময় সেখানে লোকজনের খুব ভিড় ছিল। দায়িত্বরত নার্স তাঁদের জায়গা ছেড়ে দিতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হিমেল নার্সের ওপর চড়াও হন। ক্ষিপ্ত হয়ে ওই নার্স হিমেলকে চড় দেন। এরপর হিমেল ও তাঁর বাবা ওই নার্সকে লাঞ্ছিত করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জ্যেষ্ঠ নার্সদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর স্বজনদের শাস্তির দাবিতে তাঁরা কর্মবিরতির ডাক দেন। তাঁরা একজোট হয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় পরিচালক হাসপাতালে ছিলেন না। উপপরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি রোগীর স্বজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। নার্সরা কাজে যোগদান করেন।

উপপরিচালক রেজাউল করিম বলেন, নার্সরা কর্মবিরতির ডাক দিলেও তাঁরা আসলে কর্মবিরতিতে যাননি। তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। অভিযুক্ত বাবা ও ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যে নার্সকে হাসপাতালে বাবা ও ছেলে লাঞ্ছিত করেছেন, তিনি নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, যে রোগীকে দেখতে এসে এই ঘটনা ঘটেছে, সেই রোগী ভালো আছেন।