নার্সকে পেটালেন শিক্ষানবিশ চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পিটিয়ে গুরুতর আহত করেছেন একই হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিত্সক। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত নার্সের নাম বকুল রানী দাশ (৪৫)। তিনি বর্তমানে ওই হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ রকিবুল ইসলাম সুজন নামের ওই চিকিত্সককে সাময়িক বরখাস্ত করেছে।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত নার্সরা কর্মবিরতি ঘোষণা করে হাসপাতালের সার্জারি ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে কার্যত বন্ধ হয়ে পড়েছে চিকিত্সাসেবা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বকুল হাসপাতালের ষষ্ঠ তলায় গাইনি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স। একই বিভাগের শিক্ষানবিশ চিকিত্সক রকিবুল। আজ বেলা দুইটার দিকে এক রোগীকে স্যালাইনের ক্যানোলা দিতে নার্স বকুলকে নির্দেশ দেন ওই চিকিত্সক। হাতের কাজ শেষ করে ক্যানোলা দেবেন বলে জানান ওই নার্স। তাত্ক্ষণিকভাবে আদেশ না মানায় ক্ষুব্ধ হন চিকিত্সক। শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে চিকিত্সক রকিবুল নার্স বকুলকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন। এতে বকুলের চোয়াল ফেটে রক্ত ঝরে। খবর পেয়ে অন্য নার্সরা তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

এদিকে এ খবর পুরো হাসপাতালে ছড়িয়ে পড়লে বিভিন্ন বিভাগে কর্মরত নার্সরা কাজ বাদ দিয়ে হাসপাতালের সার্জারি ভবনের নিচে গিয়ে বিক্ষোভ শুরু করেন। কর্মবিরতির কারণে চিকিত্সাসেবা বন্ধ হয়ে পড়ায় বেশ কয়েকজন রোগী হাসপাতাল ত্যাগ করেন। সন্ধ্যা ছয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নার্সদের বিক্ষোভ চলছিল।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অন্য চিকিত্সকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে চিকিত্সক রকিবুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, চিকিত্সক রকিবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।

ঘটনার পরপরই হাসপাতাল ত্যাগ করেন চিকিত্সক রকিবুল। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আহত বকুল সাংবাদিকদের জানান, হাতের কাজ শেষ করে স্যালাইনের ক্যানোলা দেওয়া হবে বলায় চিকিত্সক ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেছেন।

এদিকে বিক্ষোভরত নার্সদের পক্ষ থেকে তাঁদের দাবির ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সন্ধ্যা ছয়টার দিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়, এ ব্যাপারে তাঁরা পূর্ণ বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।