নার্সদের সঙ্গে রাতে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাড়ির সামনে গতকাল বুধবার রাতে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ নার্স ও ১০ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই হাজারেরও বেশি নার্স এ কর্মসূচিতে অংশ নেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন করছে। আগামীকাল শুক্রবার পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের পরীক্ষা হবে। এর আগেই এ নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করতে চান তাঁরা।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দুই সহস্রাধিক বেকার নার্স ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন। এ সময় ধানমন্ডির ১১ নম্বর সড়ক অবরোধ করে রাখলে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বিক্ষোভ করতে থাকলে রাত আটটার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়া শুরু করে। এ নিয়ে পুলিশ ও আন্দোলনকারী নার্সদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। আধঘণ্টা ধরে এই অবস্থা চলার পর পুলিশ তাঁদের লাঠিপেটা করে। একই সঙ্গে জলকামান দিয়ে গরম পানি ছিটায়। এতে ৪০ জন নার্স আহত হন। পুলিশের পক্ষে আহত হন রমনা বিভাগের উপকমিশনার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিন সাগর ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়াসহ অন্তত ১০ জন। রাত নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ দুই নার্সকে গ্রেপ্তার করে।
আহত নার্সরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে সহস্রাধিক নার্স ভিড় করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিলে পুলিশ ও নার্সদের মধ্যে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের বের করে হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় অনেক রোগী জরুরি বিভাগে ঢুকতে না পেরে বাইরে অবস্থান নেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলে রাত সাড়ে ১০টার পর পুলিশ শুধু রোগী ও তার স্বজনদের ঢুকতে দেয়। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালের জরুরি বিভাগে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
আন্দোলনকারী নাহিদা আক্তার বলেন, ২০১১ সালে নার্সদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর ২০১৩ সালে ৪ হাজার ১০০ জন নার্সকে ব্যাচভিত্তিক নিয়োগ দেয় সরকার। কিন্তু এখন সরকার সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ দিতে চাচ্ছে। নাহিদা বললেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বারবার আশ্বাস দিয়েও দেখা করতে দিচ্ছেন না।’
সংঘর্ষে আহত হয়েছেন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস। রাজীবের দাবি, পুলিশের হামলায় এক নার্সের গর্ভপাতের ঘটনা ঘটেছে। তাঁকে তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশপাশের অনেক হাসপাতালে আহত নার্সরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ‘দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। তাই আন্দোলনকারীরা স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যান। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করে।’
আন্দোলনকারীরা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক অতিক্রম করার সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে পাঁচজন নার্স আহত হন। পুলিশের বাধা উপেক্ষা করেই তাঁরা মন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলসহ তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা করেন।
ধানমন্ডি থানার ওসি নূরে আযম মিয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে।