নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
সিলেট নগরের শাহি ঈদগাহের হোস্টেল কক্ষ থেকে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সিলেট মহানগরের বিমানবন্দর থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ওই ছাত্রীর নাম আঁখি আলমগীর (১৮)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আঁখি আত্মহত্যা করেছেন।
সিলেট নার্সিং ইনস্টিটিউটের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আঁখি শাহি ঈদগাহের হোস্টেলের ২০৫ নম্বর কক্ষে একা থাকতেন। তাঁর বাড়ি খুলনা সদর উপজেলার ঢাকাইয়াপাড়ায়। গতকাল বেলা একটার দিকে ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ছাত্রীনিবাস থেকে পুলিশে খবর পাঠানো হয়। কক্ষের দরজা ভেঙে পুলিশ বিছানা থেকে লাশ উদ্ধার করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, আঁখি ওই কক্ষে একা থাকতেন। কক্ষে ঘুমের বড়ির কিছু খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বেলা একটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।