নার্সিং হোমে ভুয়া চিকিৎসক সেজে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্সিং হোমের চিকিৎসক পরিচয় দিয়ে উচ্চমাধ্যমিক পাস ব্যবস্থাপক সন্তানসম্ভবা রোগীর অস্ত্রোপচার করতেন। রোগীদের কাছ থেকে আদায় করতেন মোটা অঙ্কের টাকা। এমন কাজ দীর্ঘদিন চলছিল আল মদিনা নার্সিং হোমে।
গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগের এই নার্সিং হোমে অভিযান চালিয়ে ঘটনাটি জানতে পারেন র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। অপকর্ম স্বীকার করায় আল মদিনা নার্সিং হোমের মালিক মিজানুর রহমান ও ব্যবস্থাপক আরশাদ হোসেনকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এ ছাড়া চিকিৎসকের স্বাক্ষর জাল করে রোগনির্ণয় পরীক্ষার প্রতিবেদন দেওয়ায় একই এলাকার একটি হাসপাতাল এবং একটি প্যাথলজি সেন্টারকে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান এবং র্যা ব-১০-এর সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী এনে চিকিৎসক ছাড়াই আল মদিনা নার্সিং হোমে অস্ত্রোপচার করা হতো। কয়েকজন অপেশাদার সেবিকা ও সহকারী নিয়ে সন্তানসম্ভবা রোগীদের অস্ত্রোপচার করতেন ব্যবস্থাপক আরশাদ আলম, যাঁর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। অথচ প্রত্যেক রোগীর কাছ থেকে ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করতেন তিনি ও হাসপাতালের মালিক।
সারওয়ার আলম বলেন, গত শুক্রবার দিবাগত রাত চারটার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা সন্তানসম্ভবা এক নারীর (২০) অস্ত্রোপচার করেন আরশাদ। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি না নিয়ে তিন বছর ধরে এ ধরনের কাজ করা হতো। এ ছাড়া রোগনির্ণয় পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করায় কদমতলীর কনক জেনারেল হাসপাতালের মালিক মো. কনক ও ফরিদুল ইসলাম এবং ব্যবস্থাপক শাহ আলমকে ভ্রাম্যমাণ আদালত ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।