নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা গতকাল মঙ্গলবার অনাস্থা প্রস্তাব এনেছেন। অনাস্থা প্রস্তাব বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কার্যালয়ে গতকাল দুপুরে চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে প্রকল্প গ্রহণে অনিয়ম, ঘুষ গ্রহণ, সরকারি গাড়ি ব্যবহারে নিয়ম না মানা, নিয়মিত কার্যালয়ে না আসা, অহেতুক ফাইল আটকে রাখাসহ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগ উত্থাপিত হয়।
এ সময় ১২টি ইউপির চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান একাত্মতা প্রকাশ করে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। পরে এই অনাস্থাপত্রের অনুলিপি এলাকার সাংসদ, স্থানীয় সরকারের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান মুঠোফোনে বলেন, ‘যেসব অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’