নালিতাবাড়ীতে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। উপবৃত্তির টাকা বিতরণ করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ৩৮ জন শিক্ষার্থীকে না পেয়ে টাকা ফেরত নিয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাওয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে এলাকাবাসী জেলা শিক্ষা কার্যালয়সহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। গত ২৩ আগস্ট সোনালী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক দিলীপ পাল উপবৃত্তির টাকা বিতরণ করতে ওই বিদ্যালয়ে যান। এ সময় তালিকা অনুযায়ী ৩৮ জন শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। তাদের বরাদ্দকৃত উপবৃত্তির ২৩ হাজার ২০০ টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত নিয়ে যায়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য ২৬ আগস্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রফিককে দায়িত্ব দেয়। শিক্ষা কর্মকর্তা ৩ সেপ্টেম্বর বিষয়টি তদন্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক রুহুল আমিন ২০১১ সালেও ভুয়া উপবৃত্তির তালিকা তৈরি করে অর্থ আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ১০ হাজার টাকা ব্যাংকে ফেরত দিতে হয়।
অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ উপবৃত্তির টাকা ফেরত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, টাকা বিতরণের দিন ৩৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে টাকা না দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত নিয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’