নালিতাবাড়ীতে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খাদ্যগুদামে চাল সংগ্রহের নামে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর গত বুধবার খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়, চালকলমালিক সমিতি ও বাদ পড়া চালকল মালিক সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারিভাবে ৫ হাজার ৯০৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলার ১০৫টি চালকলের মধ্যে এ পর্যন্ত চার দফায় ৭৯টির সঙ্গে চুক্তি করা হয়েছে। এর মধ্যে ১৬টি চালকল বন্ধ ও পরিত্যক্ত থাকার অভিযোগ রয়েছে। এই ১৬টির মধ্যে মিলমালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের মুমু চালকলসহ আটটি ও আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে চারটি চালকলকে চুক্তিবদ্ধ করতে সহায়তার অভিযোগ রয়েছে।
এ ছাড়া টনপ্রতি দুই হাজার টাকা না দেওয়ায় ২৬টি চালকলকে চুক্তির বাইরে রাখা হয়। চুক্তির বাইরে রাখা এই চালকলমালিকেরা তদন্ত করে ব্যবস্থা নিতে ৭ জুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। ৮ জুন প্রথম আলোয় ‘নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারীর নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে জিএম ফারুক হোসেন পাটোয়ারী মুঠোফোনে বলেন, প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমে ধান-চাল সংগ্রহের নামে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি জানা যাবে।