নালিতাবাড়ীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতি ও গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৩৫) ও বাঘবেড় ইউনিয়নের মো. রমজান আলী (২৮)। এর আগে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গত মঙ্গলবার রাতে ও বুধবার আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার সময় বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামে চা-স্টলে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থী হামিদুল ইসলাম ও মতিউর রহমানের সমর্থকদের মাঝে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মতিউর রহমানের সমর্থক মো. আওয়ালি মিয়া লাঠি দিয়ে রমজান আলীকে মাথায় আঘাত করেন। এতে রমজানের বাঁ কানের একাংশ ছিঁড়ে যায়। দ্রুত তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মতিউরের সমর্থক সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে।

কাকরকান্দি ইউনিয়নে বুধবার রাত পৌনে নয়টায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিনের কর্মী মো. মোস্তফা কামাল কাকরকান্দি বাজার থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হন। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আহত দুজনের মধ্যে একজনকে শেরপুর পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, শিমুলতলায় হামলা চালানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। কাকরকান্দির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।