নালিতাবাড়ীতে ফের কৃষকের ঋণের টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আবারও কৃষকের নামে অগ্রণী ব্যাংক থেকে বরাদ্দ দেওয়া ঋণের টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এবার দেড় শতাধিক কৃষকের ঋণের ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এবার অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ব্যাংক কর্মকর্তা এবং স্থানীয় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপকের কাছে গত ১২ অক্টোবর ১৪৪ জন কৃষকের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে। এর আগে একই শাখা থেকে উপজেলার কলসপাড় ইউনিয়নের শতাধিক কৃষকের নামে বরাদ্দ করা ঋণের টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের তদন্ত চলছে। এ নিয়ে গত ১৬ জুন প্রথম আলোতে‘কৃষকের নামে ঋণের টাকা উত্তোলন করে আত্মসাৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ভুক্তভোগী কৃষক ও অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, ব্যাংকটি গত বছর বোরো মৌসুমে শস্য ও পল্লিঋণ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৫০০ গরিব কৃষকের মাঝে ৩ কোটি ৭৮ লাখ টাকা বিতরণ করে। এর মধ্য থেকে ২০ লাখ টাকার ঋণ অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখার সাবেক ব্যবস্থাপক শাহজাদা, ব্যাংকের তদন্ত কর্মকর্তা (আইও) আবদুল লতিফ, ক্যাশিয়ার হাফিজুর রহমান ও স্থানীয় কলসপাড় ইউনিয়নের গুল্লারপাড় গ্রামের সরু মাহম্মুদ ও মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মো. জহুর আলী যোগসাজশ করে আত্মসাৎ করেছেন। তাঁরা বাঘবেড় ইউনিয়নের দেড় শতাধিক কৃষকের নামে বরাদ্দ দেওয়া ওই ঋণ সই, টিপসই জালিয়াতি করে আত্মসাৎ করেন।   

ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. শাহজাদা মুঠোফোনে বলেন, ‘আমি এই অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।’ 

ঋণ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে সরু মাহম্মুদ মুঠোফোনে বলেন, ‘ভাই, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ জহুর আলী দাবি করেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। একটা চক্র হয়রানি করার জন্য ব্যাংকের ম্যানেজার, আইওসহ আমগর বিরুদ্ধে ষড়যন্ত্র করতাছে।’

ব্যাংকের তদন্ত কর্মকর্তা (আইও) আবদুল লতিফ ও ক্যাশিয়ার হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।

তবে যাঁদের নামে ঋণ বরাদ্দ করা হয়েছে, তাঁরাই অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের ঋণের টাকা তুলে তা আত্মসাৎ করেছেন। তাঁদের মধ্যে বাঘবেড় গ্রামের মো. নওশেদ আলী বলেন, ‘ব্যাংকের আইও আবদুল লতিফ, স্থানীয় দালাল জহুর ও সরু আমগর বাড়ি আইয়া ঋণ দিবো কইয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও টিপসই নিছে। কিন্তু আজও আমাদের ঋণ দিছে না। পরে হুনি আমার নামে ঋণ উঠছে। অহন কী করবাম, বুঝবার পাইতাছি না।’

কৃষিশ্রমিক খলিলুর রহমান বলেন, ‘সরু, জহুর ও আইও আবদুল লতিফ ঋণ দিবো কইয়া আমার ও আমার বাবার নামে ৩০ হাজার টেহার ঋণ তোলছে। পরে জানবার পাই, আমগর ইউনিয়নের দেড় শতাধিক গরিব মানুষের নামে ২০ লাখ টেহার ঋণ তোইলা ব্যাংকের ম্যানেজারসহ দালাল ও এর সঙ্গে জড়িত কর্মকর্তারা আত্মসাৎ করছে। এর সুষ্ঠু বিচারের লাইগা জিএমের কাছে আমরা অভিযোগ দিছি। আমরা অপরাধীগর শাস্তি চাই। ভুয়া ঋণ বাতিল চাই।’

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (জিএম) হুরমুজ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। আগের অভিযোগে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। নতুন অভিযোগের বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।’