নালিতাবাড়ীতে সংঘর্ষে একজন নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় নারীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী গ্রামের শাহা আলীর ছেলে জয়ফল মিয়া (২৪) দাওধারা মিশনারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রমজান আলী (৪২) ও তাঁর বড় ভাই নুরুল আমিনের (৬০) সঙ্গে জয়ফলের কথা কাটাকাটির একপর্যায়ে জয়ফলকে রমজান ও নুরুল আমিন দা দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে জয়ফলের পরিবারের লোকজন দা, ফলা ও লাঠিসোঁটা নিয়ে রমজান ও নুরুল আমিনের ওপর হামলা করেন। এ সময় রমজান, নুরুল ও তাঁদের বোন শামছুন্নাহার গুরুতর আহত হন। আহতদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়ফল ও নুরুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শামছুন্নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, খবর পেয়ে রমজানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।