নালিতাবাড়ীতে চালককে হত্যা করে অটো ছিনতাই পরে লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার গারো পাহাড়ের ঢাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সুনামগঞ্জের ছাতকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ীতে নিহত সিএনজিচালিত অটোরিকশাচালকের নাম আবদুল হাকিম (৩৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। ছাতকে উদ্ধার হওয়া লাশটি ওই উপজেলার রাউলি গ্রামের সিকন্দর আলীর ছেলে আলীম উদ্দিনের (২০)।
নালিতাবাড়ী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৪ মে হালুয়াঘাট বাজারের সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা চারজন যুবক আবদুল হাকিমের অটোরিকশা ভাড়া করেন। তাঁরা হাকিমকে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাতা, মধুটিলা ইকোপার্কে বেড়ানোর কথা বলেন। পরে তিনি পানিহাতা এলাকায় যাত্রীদের নামিয়ে স্থানীয় একটি স্টলে বসে চা-পান ও নাশতা করেন। কিছুক্ষণ পর হাকিম যাত্রীদের সঙ্গে পাহাড়ে ওঠেন। পরে যাত্রীরা টিলা থেকে নেমে এসে অটোরিকশা নিয়ে চলে যান। এ সময় চা-বিক্রেতা চালক কোথায় জানতে চাইলে যাত্রীরা বলেন, চালক তাঁর বোনের বাড়িতে বেড়াতে গেছেন।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় অটোরিকশাচালকের স্ত্রী ফরিদা খাতুন পরদিন বুধবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর পেয়ে গতকাল দুপুরে চালকের পরিবারের লোকজন তাঁকে খোঁজ করতে পানিহাতা আসেন। তাঁরা খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ের ঢালে হাকিমের লাশ দেখতে পান। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল বারী বলেন, গত বুধবার রাতে ঢাকার বাড্ডা থেকে ছিনতাই করা অটোরিকশাটিসহ ঈশ্বরগঞ্জ উপজেলার সাক্কাতকোনা গ্রামের মো. আলমকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার রাউলি গ্রাম থেকে গতকাল সকালে আলীম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলীম একই গ্রামের লাল মিয়ার মুরগির খামারে চাকরি করতেন। গত বুধবার সকালে বাড়ি থেকে খামারে যাওয়ার কথা বলে তিনি বের হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁকে পাননি। গতকাল সকাল আটটার দিকে খামারের একটি মাচার নিচে পানিতে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।