নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান-চাল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ধান-চাল সংগ্রহে চালকল মালিক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার যোগসাজশে পরিত্যক্ত ও বন্ধ চালকলের সঙ্গে চুক্তি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চুক্তির বাইরে রাখা চালকলমালিকেরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৯০৫ মেট্রিক টন চাল ও ৪৪০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার পর্যন্ত শুধু চাল সংগ্রহ হয়েছে ১ হাজার ৫৫১ মেট্রিক টন। ২৫ মে চাল সংগ্রহ শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
নীতিমালা অনুযায়ী চলমান চালকল, আলাদা চাতাল, আলাদা বিদ্যুৎ, ধান সেদ্ধ করার দুটি হাউস, বয়লার ও গুদামঘর আছে কি না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যাচাই-বাছাই করে চালকলমালিকদের সঙ্গে চুক্তি করার কথা।
চালকল মালিক সমিতির কয়েকজন নেতা ও পৌর শহরের কয়েকজন চালকলমালিক জানান, উপজেলার ১০৫টি চালকলের মধ্যে চার দফায় ৭৯টির (এর মধ্যে ১৬টি চালকল বন্ধ ও পরিত্যক্ত) সঙ্গে চুক্তি হয়েছে। চালকল অনুযায়ী ৩৫ থেকে সর্বোচ্চ ১১০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। প্রথম তিন দফায় ৬৬টি ও চতুর্থ দফায় ১৩টি চালকলের সঙ্গে চুক্তি হয়। চতুর্থ দফায় ১৩টি চালকলের মধ্যে চালকল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের চালকলসহ আটটি বন্ধ চালকল রয়েছে। এ ছাড়া বাকি পাঁচটির মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হকসহ আর দুই নেতার চারটি পরিত্যক্ত চালকল রয়েছে। এ ছাড়া আরও চারটি পরিত্যক্ত চালকলের সঙ্গে চুক্তি হয়েছে। টনপ্রতি দুই হাজার টাকা না দেওয়ায় ২৬টি চালকলকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
গত শনিবার পাঁচটি চালকলে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিক সমিতির সভাপতির মুমু চালকল প্রায় দুই বছর ধরে বন্ধ, সংস্কারের কাজ চলছে। রাণীগাঁও লেয়াকত চালকলটি দীর্ঘদিন ধরে বন্ধ। চালকলটি বর্তমানে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিউ আলামিন ও শাপলা চালকল প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জান্নাত চালকল বন্ধ প্রায় পাঁচ বছর ধরে।
চালকল মালিক সমিতির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, চাল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগ নেতা ও চালকল মালিক সমিতির সভাপতির যোগসাজশে টাকার বিনিময়ে পরিত্যক্ত ও বন্ধ কলের সঙ্গে চুক্তি করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চুক্তিবদ্ধ আমার চালকল ছাড়া অন্য কোনো চালকলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। চুক্তি করার ব্যাপারে টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কয়েকজন চালকলমালিক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
মো. ফজলুল হক বলেন, ‘আমার কোনো কারখানা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা ও বানোয়াট।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন জানান, তদন্ত কমিটির তালিকা অনুযায়ী চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তিবদ্ধ কোনো চালকলের কাছ থেকে টাকাপয়সা নেওয়া হয়নি।
ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা জানান, পরিত্যক্ত কোনো চালকল চুক্তিবদ্ধ হওয়ার কথা নয়। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।