নালিতাবাড়ীতে নারী মুক্তিযোদ্ধাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পেটে লাঠি দিয়া গুতাইছে। পিড়া দিয়া বাড়ি মারছে। আমারে মাটির ওপর ফালাইয়া বুকে কিল-ঘুষি মারছে।’ গতকাল শনিবার সকালে হাসপাতালে বিছানায় কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লির নারী মুক্তিযোদ্ধা আছিরন বেগম (৮১)।
গত বৃহস্পতিবার তাঁর দোকান ভাঙতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের মারধরে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গণহত্যায় আছিরনের স্বামী কাইজল মিয়াসহ পরিবারের তিনজনকে পাকিস্তানি হানাদারেরা হত্যা করে। তখন তিনি নির্যাতনের শিকার হন। সরকার আছিরন বেগমকে বীরাঙ্গনা হিসেবে সম্প্রতি মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে।
আছিরনের পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর বেণুপাড়া গ্রামে আছিরনের ৭০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমিতে দেবর কবজ উদ্দিনকে থাকতে দেন। গত বছর কবজ উদ্দিন মারা যাওয়ার পর তাঁর সন্তানেরা ওই জায়গা নিজেদের দাবি করেন। আছিরন প্রতিবাদ করায় তাঁর ওপর দেবরের ছেলেরা নানাভাবে নির্যাতন করে আসছেন।
আছিরন বীরাঙ্গনা সংবর্ধনার ৫০ হাজার টাকা ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে ১৫ দিন আগে সড়কের পাশে ওই জমিতে একটি দোকান ঘর তৈরি করেন। গত বৃহস্পতিবার দুপুরে তাঁর দেবরের ছেলে ইউনুছ আলী, ইউসুফ আলী ও আরাফান মিয়া দোকান ভাঙতে যান। এ সময় আছিরন বাধা দিলে মাটিতে ফেলে লাঠি দিয়ে তাঁর পেটে আঘাত করা হয়। তাঁকে উদ্ধার করতে গিয়ে অন্তঃসত্ত্বা নাতনি কমলা বেগম (২০) আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে আছিরনের বড় ছেলে মগরব আলী গতকাল শনিবার ইউএনওর কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
আছিরনের ছেলে মগরব আলী বলেন, ‘বাড়িতে আমার মা আর ছোট ভাই থাকে। চাচাতো ভাইয়েরা জমিটুকু দখল নেওয়ার লাইগা মায়ের ওপর নানাভাবে নির্যাতন করে। দোকান ঘর ভাঙতে বাধা দেওয়ায় মা ও ভাগনিরে ওরা মারধর করছে। বিচারের লাইগা আজ ইউএনওর কাছে অভিযোগ দিছি।’
এ ব্যাপারে মো. ইউনুছ আলী ও আরাফান মিয়ার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ তালুকদার বলেন, ‘বৃদ্ধ এই নারী মুক্তিযোদ্ধাকে মারধর করাটা দুঃখজনক। জমিসংক্রান্ত যেহেতু বিরোধ, তাই আগামী সোমবার ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, বিষয়টি কেউ তাঁকে জানায়নি। তিনি অবশ্যই খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, নারী মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে বলে তিনি জেনেছেন।