নালিতাবাড়ীতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যের ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই পদের চার প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই পদে আটজন প্রার্থী আবেদন করেন। নিয়োগ পরীক্ষা দিন ধার্য করা হয় গত ২৬ জুলাই। তবে দুই প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই উপজেলা পরিষদের সভাকক্ষে পরীক্ষা হয়। এতে পাঁচজন প্রার্থী অংশ নেন। পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শফিউল বাশারকে নিয়োগ দেওয়া হয়।
এর আগেই ওই নিয়োগে অনিয়ম হওয়ার আশঙ্কায় গত ২৬ জুলাই শাহ সুলতান ও স্বপন আলী নামের দুই প্রার্থী নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য ইউএনও তরফদার সোহেল রহমানের কাছে আবেদন করেন। তাঁদের অভিযোগ, শফিউল বাশারের বাবা হাবিল উদ্দিন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য। কমিটির সভাপতি সভাপতি হারুন-অর রশিদ টাকার বিনিময়ে শফিউলকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ বাতিল করতে গত রোববার চার প্রার্থী ইউএনওর কাছে আবেদন করেছেন।
প্রার্থী শাহ সুলতান বলেন, ‘স্বচ্ছ পরীক্ষার জন্য ইউএনওর কাছে আবেদন করেছিলাম। কিন্তু পরীক্ষায় কারচুপির মাধ্যমে সভাপতির মনোনীত প্রার্থী প্রথম হয়েছেন এবং তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ বাতিলের জন্য আবার ইউএনওর কাছে অভিযোগ করেছি।’
আরেক প্রার্থী এমরুল হাসান বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে সভাপতি হারুন-অর রশিদ আমার কাছ থেকে আট লাখ টাকা চুক্তি করেন। ২৬ জুন অগ্রিম দুই লাখ টাকা নেন। আরও বেশি টাকা নিয়ে তিনি আরেকজনকে চাকরি দিয়েছেন। তবে তিনি লভ্যাংশসহ ২ লাখ ২০ হাজার টাকা ফিরত দিতে বাধ্য হয়েছেন।’
এ ব্যাপারে জানতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন-অর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন ও খুদে বার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিম উদ্দিন দাবি করেন, ‘নিয়োগের জন্য টাকা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না। তাৎক্ষণিক প্রশ্নপত্র করে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেওয়া হয়েছে।’
তরফদার সোহেল রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের সভাকক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবকিছুই সুষ্ঠুভাবে হয়েছে। লিখিত পরীক্ষা, ভাইভা ও ব্যবহারিকে যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁকেই প্রথম ঘোষণা করা হয়েছে। কেউ যদি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, সেটা আমার জানা নেই।’