নালিতাবাড়ীতে সরকারি সম্পত্তি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নালিতাবাড়ী উপজেলায় ১ একর ৪১ শতাংশ সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানাধীন দাবি করে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্তত ১০ কোটি টাকার ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। এই সম্পত্তিতে কেউ যেন হাত না দিতে পারেন, এর ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে মাটি ভরাট ও ঘর নির্মাণের অভিযোগে গত ২৭ জুন ভূমি প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ২৮ জুন ওই সম্পত্তির দাবিদার সোহেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের বড় বন্দর এলাকায় টেংরাখালী মোড়ে ২৩২৮ ও ২৩২৯ পৃথক দাগে ১৯৪৫ ও ১৯৬২ সালে দুই দফা রেকর্ড অনুযায়ী ৭৫ ও ৭৭ শতাংশ জমি রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) মালিকানাধীন ছিল। তখন সেখানে বড় খাল ছিল। ১৯৭৯-৮০ সালে বিআরএস (বাংলাদেশ রিভিশনার সার্ভে) করার সময় জমি দুটির দাগ নম্বর ও শ্রেণি পরিবর্তন হয়। এরই মধ্যে ১১ শতাংশ জমি সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে। পৃথক দুই দাগের অবশিষ্ট জমির মধ্যে ৭৫ শতাংশের অংশে ২৫ শতাংশ জমি খাস খতিয়ান হিসেবে জেলা প্রশাসকের নামে রেকর্ড করা হয়। বাকি জমি ওই সময় ঝিনাইগাতীর মালিঝিকান্দা গ্রামের মৃত আবদুল গফুর ও তাঁর ভাই মৃত আবদুল গণির নামে রেকর্ডভুক্ত হয়। ওই সময় জমিটি খাল থেকে নামা শ্রেণিতে পরিবর্তন হয়।

সূত্রগুলো জানায়, ১৯৮৬-৮৭ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১ শতাংশ অধিগ্রহণ করে এবং জেলা প্রশাসকের নামে ২৫ শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়। এই জমিসহ সব জমি সরকারের কাছ থেকে গফুর ও গণি ইজারা নেন। ১৯৯৯ সালে তাঁরা এই জমি কবুলিয়াত রেজিস্ট্রি করতে গেলে বিষয়টি সরকারের নজরে আসে। তখন রেজিস্ট্রির পরিবর্তে ইজারা বাতিল করে সরকার।

২০১১ সালে ৩১ মে ফারুক আহমেদ প্রথমবার রাজনগর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। বিষয়টি জেনে ২০১৪ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ওই জমির রেকর্ড সংশোধনের জন্য মামলা করেন ইউপি চেয়ারম্যান। বিষয়টি এখনো বিচারাধীন।

জেলা প্রশাসকের নামে রেকর্ডীয় ২৫ শতাংশ জমিসহ ওই জমিতে মৃত আবদুল গণি ও গফুরের উত্তরাধিকারীরা মাটি ভরাট করে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। ২০১৮ সালে ইউপি চেয়ারম্যান সরকারি সম্পদ রক্ষায় আদালতের শরণাপন্ন হলে আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন।

সম্প্রতি মৃত আবদুল গণি ও আবদুল গফুরের নাতি যথাক্রমে সোহেল মিয়া ও মিলন মিয়া ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের পক্ষ থেকে তাঁদের নিষেধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে ২৭ জুন পুনরায় ওই জমিতে মাটি ভরাট করে তাঁরা ঘর নির্মাণ করেন। ২৮ জুন সরকারি জমি দখলের অভিযোগে রাজনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল মালেক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ এ দিন রাতে সোহেল মিয়াকে গ্রেপ্তার করে। সরকারি সম্পত্তি রক্ষায় পদক্ষেপ নিতে ইউপি চেয়ারম্যান ৩০ জুন ইউএনওকে বিষয়টি জানান।

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল মালেক জানান, মূলত এই সম্পত্তি রাজনগর ইউপির ছিল। ভুলবশত মৃত আবদুল গফুর ও আবদুল গণির নামে রেকর্ড করা হয়। এ নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তিনি নিজে গিয়ে জমিতে মাটি কাটতে নিষেধ করেছেন। তাতেও কাজ না হওয়ায় থানায় মামলা করেন।

এ বিষয়ে সোহেলের ভগ্নিপতি মাসুদ হাসান বলেন, ওই সম্পত্তি বিআরএস রেকর্ডে ১১ শতাংশ সড়ক ও জনপথ এবং ২৫ শতাংশ জমি জেলা প্রশাসকের নামে রয়েছে। ১ একর ১৩ শতাংশ জমির মালিক মৃত আবদুল গণি ও আবদুল গফুরের উত্তরাধিকারীরা। এই জমি দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু ইউপি চেয়ারম্যান ওই জমি সরকারি সম্পত্তি বলে দাবি করছেন। ভূমি কার্যালয়ে গেলে তাঁরা এ–সংক্রান্ত সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সোহেলকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে সোহেলকে গ্রেপ্তার করিয়েছেন।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সরকারের স্বার্থ রক্ষায় তিনি রেকর্ড সংশোধনের মামলা করেছেন। সেটি বিচারাধীন। আদালতের মাধ্যমে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশের ওপর সেই নির্দেশনাও আছে। সরকারি জমি রক্ষা করতে ইউএনওকে অবগত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার কথা সম্পূর্ণ মিথ্যা। আমি সরকারি সম্পত্তি রক্ষা করার চেষ্টা করছি মাত্র।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাজনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দুই ব্যক্তি বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করার অভিযোগে মামলা করেন। সেই মামলায় সোহেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি আমি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। সরকারি সম্পত্তি কেউ জবরদখল করতে পারবেন না। বিষয়টি সরেজমিন গিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’