নালিতাবাড়ীতে সাংবাদিকদের গালমন্দ আ.লীগের নেতার
ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রকাশিত সংবাদের জেরে এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মীদের অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় কর্মরত অন্তত ১৬ জন সাংবাদিক এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে জরুরি সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘আ.লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া আরও কয়েকটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ফজলুল হক ক্ষুব্ধ হন। গত সোমবার উপজেলা খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের খবর সংগ্রহ করতে গেলে তিনি অশ্রাব্য ভাষায় গণমাধ্যমকর্মীদের গালমন্দ করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার প্রেসক্লাবে ওই জরুরি সভা ডাকা হয়। এতে আওয়ামী লীগের এই নেতার আচরণের নিন্দা জানানোর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়, ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত কোনো খবরে তাঁর নাম উল্লেখ করা হবে না।
সভায় বাংলাভিশন ও দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা, দৈনিক ইত্তেফাক-এর সামেদুল ইসলাম তালুকদার, বৈশাখী টিভির বিপ্লব দে, বাংলাদেশ প্রতিদিন-এর সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।