শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৭ বস্তা (১ হাজার ৩৬০ কেজি) চালসহ ট্রলি ও চালককে আটক করেছে এলাকাবাসী। পরে চাল ও ট্রলিচালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চালকসহ তিন ব্যক্তি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে ১৭ বস্তা চাল একটি ট্রলিতে করে নালিতাবাড়ী পৌর শহরে আসছিল। বেলা একটার সময় ট্রলিটি পৌর শহরের শিমলা পল্লী বিদ্যুৎ সেন্টারের কাছে আসে। এ সময় চাল দেখে সন্দেহ হওয়ায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ও এলাকাবাসী ট্রলিটির গতিরোধ করে। তারা বস্তা খুলে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল দেখে প্রশাসনকে বিষয়টি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, পুলিশ, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও খাদ্যগুদামের কর্মকর্তা (ওসি-এলএসডি) ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে ট্রলিতে থাকা চালসহ চালক তন্তর গ্রামের জহুরুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক রামচন্দ্রকুড়া ইউনিয়নের ডিলার আবদুল লতিফের দোকান থেকে চাল আনা হয়েছে বলে জানান। পরে ইউএনও, পুলিশ ও খাদ্য কর্মকর্তারা আবদুল লতিফের দোকানে গিয়ে সেখান থেকে চাল আনার কোনো প্রমাণ পাননি।
রামচন্দ্রকুড়া ইউনিয়নের ডিলার আবদুল লতিফ বলেন, ‘ইউএনও স্যারসহ কর্মকর্তারা আজ আমার দোকানে গিয়ে কোনো অনিয়মের প্রমাণ পাননি। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, আটককৃত চাল ১০ টাকা কেজি দরে বিতরণের চাল, এটা নিশ্চিত। চালক যে ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর দোকানে গিয়ে নিবন্ধন খাতা ও মজুত করা চাল সবকিছু ঠিক পাওয়া গেছে। চালককে থানায় আটক রেখে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।