নাশকতা মামলায় কারাগারে তবু বেতন পাচ্ছেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় গত ১৭ মে সাতক্ষীরা সদর উপজেলার দোহকোলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তবে সেখান থেকেই তিনি বেতন ও উৎসব ভাতা তুলেছেন।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি চালাচালিতে আবদুস ছাত্তারের সাময়িক বরখাস্তের বিষয়টি দেরি হয়েছে। তাঁকে বেতন ও উৎসব ভাতা তোলার সুযোগ করে দেওয়া হয়েছে।
দোহকোলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত হোসেন জানান, গ্রেপ্তারের বিষয়ে গত ১৮ মে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি হাতে আসে ২৬ জুলাই। ওই চিঠিতে আবদুস ছাত্তারকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। তবে চিঠিতে স্বাক্ষরের তারিখ ছিল ৫ জুন। এদিকে ২৭ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত আবদুস ছাত্তার বেতন ও উৎসব ভাতা বাবদ ৩৯ হাজার ৬১২ টাকা উত্তোলন করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, গ্রেপ্তারের বিষয়ে ৩০ মে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুল করে তাঁর (আবদুস ছাত্তার) বেতন ও ভাতা বিলে স্বাক্ষর করেছিলাম। পরে টাকা ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এখানে কোনো প্রকার সমঝোতার বিষয় নেই।’
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ‘৫ জুন আবদুস ছাত্তারকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছি। কিন্তু চিঠিটি এত দিন পরে কেন পৌঁছাল, তা বুঝতে পারছি না। প্রধান শিক্ষকদের বরখাস্ত করে থাকেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক। এ কারণে তাঁর আগের সাময়িক বরখাস্তের চিঠিটি বাতিল করে ২৮ জুলাই বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক বরাবর চিঠি দিয়েছি।’
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তিনি ২৫ জুলাই শুনেছেন। প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন ভুল করে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। ৫ জুন স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠি ২৬ জুলাই বিদ্যালয়ে পৌঁছেছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসবের পেছনে একটি চক্র জড়িত। ইতিমধ্যে তিনি এ কারণে জেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। পাশাপাশি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মুঠোফোনে নির্দেশ দিয়েছেন জুলাই মাস থেকে আবদুস ছাত্তার যেন বেতন তুলতে না পারেন, এ ব্যবস্থা নিতে।