নাশকতাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ
হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য নাশকতাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে জানতে চাইলে কমিটির সদস্য শিরীন আখতার প্রথম আলোকে বলেন, বিরোধী দলের হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে মানুষ মারা যাচ্ছে। তারা গাড়ি পোড়াচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে। এ ধরনের কর্মকাণ্ডে যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের জন্য নাশকতাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়কে প্রয়োজনে এ বিষয়ে আইন করতে হবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পেট্রলবোমা ও ককটেল হামলায় ৫৫ জন নিহত ও ৫৫৬ জন আহত হয়েছেন। এ সময় ৬৬৪টি যানবাহন পোড়ানো এবং ৪১০টি যানবাহন ভাঙচুর করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, সাম্প্রতিক হরতাল-অবরোধে শ্রমিক পক্ষের ক্ষয়ক্ষতির বিবেচনায় ক্ষতিগ্রস্ত ৪৯ জন শ্রমিককে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, রুহুল আমিন ও রেজাউল হক চৌধুরী অংশ নেন।