নাশকতাবিরোধী সমাবেশে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে আওয়ামী লীগের নাশকতাবিরোধী সমাবেশে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ছাড়াও সমাবেশ চলার সময় সমাবেশস্থলে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশীর শহীদ শাহজাহান মাঠে এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা মেরে মানুষ হত্যা এবং নাশকতার বিরুদ্ধে খুলশী থানা আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন এবং খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হীরনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলার একপর্যায়ে স্লোগান দেওয়া নিয়ে মঞ্চের ডানদিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি করে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, ‘স্লোগান দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। আমাদের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমরা সমাবেশ শেষ করে ঘরে ফিরি।’
এদিকে সমাবেশ চলার সময়ই মাঠের উত্তর দিকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় মাঠের উত্তরাংশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। পরে ছাত্রলীগের একটি পক্ষ হামলাকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। ককটেল হামলার জন্য দিদারুল আলম বিএনপিকে দায়ী করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা সমাবেশ পণ্ড করতে এ হামলা করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।