নাশকতাবিরোধী সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগের নাশকতাবিরোধী সমাবেশের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যেও সংঘর্ষ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের খুলশী থানার শহীদ শাহজাহান মাঠে এ ঘটনা ঘটে।
পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও নাশকতার বিরুদ্ধে খুলশী থানা আওয়ামী লীগ গতকাল বিকেলে এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বক্তব্য দেওয়ার সময় মাঠের উত্তর দিকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় মাঠের উত্তরাংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে ছাত্রলীগের কর্মীরা হামলাকারীদের ধাওয়া করে তাড়িয়ে দেন। একই সময় স্লোগান দেওয়া নিয়ে মঞ্চের ডান দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষই নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ককটেল বিস্ফোরণের জন্য বিএনপিকে দায়ী করে দিদারুল আলম বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার সময় বিএনপির ক্যাডাররা মঞ্চের পেছনের দিকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আমাদের ছেলেরা তাদের ধাওয়া করে। ওরা পালিয়ে গেলে আবার সমাবেশ শুরু হয়।’ নিজেদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, স্লোগান দেওয়া নিয়ে ছেলেদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, সমাবেশস্থলের অদূরে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সন্ত্রাসীরা সমাবেশ পণ্ড করতে এ কাণ্ড ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।