নাশকতায় আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স হি ং স তা
স হি ং স তা

শাকিলের এক স্বজন প্রথম আলোকে জানান, বাবা-মায়ের একমাত্র সন্তান শাকিলের বাড়ি বরিশালের কাজীর চরে। তাঁর লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের আইসিইউতে গতকাল বেলা তিনটার দিকে মারা যান কবীর হোসেন শেখ। তিনি দোলাইরপাড়ে জনতা মার্কেটে লোহার ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব এলাকায় পিকআপ ভ্যানে পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে পাঁচজন দগ্ধ হন। সেই ভ্যানে থাকা কবীর আগুন থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন। এতে মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি।

কবীরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। তাঁর ভাই মো. নাসির সাংবাদিকদের বলেন, ‘কবীরের স্ত্রী বিধবা হলো। মেয়ে এতিম হলো। আমরা ভাই হারালাম। আমাদের কী হবে এখন? ওরা রাজনীতি করে আমাদের জন্য। ওরাই আমাদের মারে। আমরা কার কাছে গিয়ে এ কষ্টের কথা বলব?’

রাজধানীতে সাত গাড়িতে আগুন: গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টিতে একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে মৌচাকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির কার্যালয়ের সামনে চ্যানেলটির একটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে কাকলী রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দেশ টিভির সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের দৃশ্য চ্যানেলটির কার্যালয়ের সামনে থাকা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশ টিভির কার্যালয়ের সামনে যায়। কিছুক্ষণ পর সুযোগ বুঝে তারা দেশ টিভির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও দুটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। বেশ কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণও ঘটায় তারা।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অবশ্য পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ: চান্দনা এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আবদুল আলীম নামের এক যুবকের দুই হাত মারাত্মকভাবে জখম হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। ওই যুবককে শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, চান্দনা এলাকায় জমির উদ্দিন মুন্সির বাড়িতে বোমা বানাতে গিয়ে তাঁর ছেলে আলীমের (৩৭) দুই হাত মারাত্মকভাবে জখম হয়। এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। একই ঘটনায় আহত আরেকজন পালিয়ে গেছে। পুলিশ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, বোমায় তাঁর বাঁ হাতের কবজি পর্যন্ত মারাত্মক জখম হয়েছে। ডান হাতের বুড়ো আঙুলের বেশির ভাগই বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি খন্দকার রেজাউল জানান, শিবিরের কর্মী আলীমের এক ভাই গাজীপুর জেলা জামায়াতের নেতা। তাঁরা দুই ভাইয়ের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

এদিকে গাজীপুরে এএসসি পরীক্ষার কেন্দ্র চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজে গতকাল সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা একটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো অঘটন ঘটেনি।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হয়নি।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)